মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা আইএমএফের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং এর ফলে নতুন করে ভয়াবহ মূল্যস্ফীতির (Inflation) আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে।

সোমবার (৯ মার্চ) জাপানের অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক বিশেষ সিম্পোজিয়ামে এই আশঙ্কার কথা জানান আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

জর্জিয়েভা বলেন, ‘যদি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ১০ শতাংশ বৃদ্ধি পায় এবং এই বাড়তি দাম বছরের অধিকাংশ সময় ধরে বজায় থাকে, তবে বিশ্বজুড়ে সামগ্রিক মূল্যস্ফীতি অন্তত ৪০ বেসিস পয়েন্ট বা ০.৪০ শতাংশ বেড়ে যাবে।’ 

তিনি আরও উল্লেখ করেন যে, জ্বালানি নিরাপত্তার বিষয়টি এখন বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নীতিনির্ধারকদের কঠোর বার্তা দিয়ে আইএমএফ প্রধান বলেন, ‘এই অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতিতে যা কল্পনা করা যায় না বা যা ‘অভাবনীয়’, এমন সব পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নিতে হবে। মধ্যপ্রাচ্যের এই নতুন সংঘাত বিশ্ব অর্থনীতির টিকে থাকার সক্ষমতাকে আবারও বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছে।’

জ্বালানি তেলের দাম বাড়লে সরাসরি পরিবহন ও শিল্প উৎপাদন খরচ বেড়ে যায়। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পরিষেবার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। আইএমএফ মনে করে, উন্নত ও উন্নয়নশীল- উভয় দেশই এই নতুন অর্থনৈতিক ধাক্কার মুখে পড়তে পারে। সূত্র: রয়টার্স