যে দামে সোনা বিক্রি হচ্ছে আজ

টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

রোববার (৩ মে) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনা ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।

গত বৃহস্পতিবার সকালেও এক দফায় সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। এর মাধ্যমে টানা চার দফায় ভালো মানের সোনার দাম ভরিপ্রতি মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমিয়েছিল বাজুস। তবে বিশ্ববাজার ও স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার (তেজাবী সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি।