মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা কতটা ভয়াবহ সংকটে পড়েছে, তার এক বিচিত্র উদাহরণ দেখা গেল জাপানে। কাঁচামাল ও রঙিন কালির তীব্র সংকটের কারণে জাপানের অন্যতম জনপ্রিয় স্ন্যাকস কোম্পানি ‘ক্যালবি’ (Calbee Inc.) তাদের চিপসের প্যাকেট থেকে রঙ সরিয়ে ‘সাদা-কালো’ করার সিদ্ধান্ত নিয়েছে।
টোকিওভিত্তিক খাদ্যপণ্য উৎপাদনকারী জায়ান্ট প্রতিষ্ঠান ক্যালবি ইনকরপোরেটেড জানিয়েছে, রঙিন প্রিন্টিং কালি তৈরির জন্য প্রয়োজনীয় একটি বিশেষ উপাদানের বৈশ্বিক ঘাটতি দেখা দিয়েছে। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় এই রাসায়নিকের সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে পণ্যের মোড়ক রঙিন করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, চিপস ও সিরিয়ালসহ তাদের অন্তত ১৪টি জনপ্রিয় পণ্যের প্যাকেজিংয়ে এখন থেকে কেবল দুই রঙের কালি (সাদা ও কালো) ব্যবহার করা হবে। আগামী ২৫ মে থেকে নতুন এই মোড়ক বাজারে আসবে।
ক্যালবি কর্তৃপক্ষের ভাষ্য, ‘চরম এই ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে পণ্যের সরবরাহ সচল রাখতেই আমরা সাময়িকভাবে এই সিদ্ধান্ত নিয়েছি।’
১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির পণ্য কেবল জাপানেই নয়, বরং যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়ার বাজারেও ব্যাপক জনপ্রিয়। যুদ্ধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এবং জ্বালানি তেলের দাম বাড়ায় প্যাকেজিং শিল্পের এই সংকট এখন গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
তবে সাদা-কালো মোড়কের এই ব্যবস্থা কতদিন চলবে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি ক্যালবি কর্তৃপক্ষ। ৫ হাজারেরও বেশি কর্মী নিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি এখন বিকল্প পথ খুঁজছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল