বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম, দেশে কত

যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরণের পতন লক্ষ্য করা গেছে। মূলত মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার কমানোর সম্ভাবনা ধীর হয়ে আসায় বিনিয়োগকারীরা সোনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। একই সঙ্গে বিশ্ববাসীর নজর এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের দিকে।

বুধবার (১৩ মে) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৪ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। তবে জুন ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারস সামান্য বেড়ে ৪ হাজার ৭০২ দশমিক ৪০ ডলারে লেনদেন হচ্ছে।

ইউবিএস (UBS)-এর বাজার বিশ্লেষক জিওভান্নি স্তাউনভো জানান, উচ্চ মূল্যস্ফীতির কারণে সুদের হার দীর্ঘ সময় অপরিবর্তিত থাকতে পারে। এর ফলে স্বল্পমেয়াদে সোনার দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষে ইরান যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম এখন পর্যন্ত ১০ শতাংশের বেশি কমেছে।

সোনার পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৮৬.৬১ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও নিম্নমুখী।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে। সূত্র: রয়টার্স