ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকবে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও পোশাক শিল্প এলাকার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে জানানো হয়, সরকারি ছুটি অনুযায়ী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দেশের সব ব্যাংক শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এদিকে, তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে (সোম ও মঙ্গলবার) খোলা থাকবে। এই দুই দিন সীমিত জনবল দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিস চলবে, তবে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এ ছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো আমদানি-রপ্তানি কার্যক্রমের স্বার্থে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত পুরো ছুটির সময়েই সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিধি অনুযায়ী নির্ধারিত বিশেষ ভাতা প্রাপ্য হবেন।