ফার্নেস অয়েলের দাম আবারও বাড়লো  

দেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায় ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

সোমবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করা হয়েছে। নতুন এই দর আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম পড়বে ১১৩ টাকা ৫৪ পয়সা, যা আগে ছিল ৯৪ টাকা ৬৯ পয়সা। মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই জ্বালানির দাম বাড়ানো হলো। এর আগে গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে এক লাফে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল।

বিইআরসি জানায়, গত ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের আমদানি মূল্য (এফওবি) এবং মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।

বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, ফার্নেস অয়েলের এই ব্যাপক মূল্যবৃদ্ধির ফলে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়তে পারে গ্রাহক পর্যায়ের বিদ্যুতের দামের ওপর। এছাড়া ভারী শিল্প কারখানায় উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দামের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।