ঈদের ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে কোরবানির পশুর হাটে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন এবং ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের পাঁচটি প্রধান সিটি করপোরেশন এলাকার নির্ধারিত পশুর হাটগুলোতে ঈদের আগের দিন রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রতিটি তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুর সিটি করপোরেশনের পশুর হাট সংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা বা অস্থায়ী বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে। মূলত হাটগুলোতে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের বড় অংকের নগদ লেনদেনের নিরাপত্তা ও ব্যাংকিং সহায়তা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ।

যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে:
ঢাকা উত্তর সিটি করপোরেশন: গাবতলী পশুর হাট, উত্তরা দিয়াবাড়ি (১৬ ও ১৮ নং সেক্টর), মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং), কালশী বালুর মাঠ, বাড্ডা স্বদেশ প্রপার্টি, বনরূপা আবাসিক প্রকল্প, খিলক্ষেত মস্তুল চেকপোস্ট এলাকা, বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপ এলাকা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মাঠ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: কাজলা ব্রিজ সংলগ্ন এলাকা, গ্রিন বনশ্রী হাউজিং, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট মৈত্রী সংঘ এলাকা, আমুলিয়া মডেল টাউন, সারুলিয়া এবং গোলাপবাগ আউটফল স্টাফ কোয়ার্টার এলাকা।

অন্যান্য সিটি করপোরেশন: চট্টগ্রামের সাগরিকা ও বিবির হাট; রংপুরের লালবাগ সদর হাট; খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাট সংলগ্ন ব্যাংক শাখা বা বুথগুলো খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দীর্ঘ ছুটির সময়েও পশুর হাটে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় জনবল ও নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে হবে।