পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ থেকে ৩১ মে টানা সাত দিনের ছুটিতে দেশের ব্যাংকগুলো বন্ধ থাকলেও বিশেষ প্রয়োজনে মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে কিছু ব্যাংকের শাখা খোলা থাকছে। তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, খোলা থাকা শাখাগুলোতে অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ বিষয়ে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির আওতায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের ব্যাংকগুলো বন্ধ থাকবে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এবং তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থায় কিছু শাখা খোলা রাখা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের নির্বাচিত শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
এ ছাড়া দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা এবং বুথগুলোতে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটিকালেও (ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি কার্যক্রম সংশ্লিষ্ট সীমিত ব্যাংকিং সেবা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই বিশেষ ব্যবস্থার ফলে পোশাক শিল্প খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না এবং দেশের বৈদেশিক বাণিজ্য কার্যক্রমও স্বাভাবিক থাকবে।