নারী উদ্যোক্তা তৈরি ও উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক ক্ষমতায়নে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, আর্থিক অন্তর্ভুক্তির আওতা বাড়িয়ে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বরাদ্দের তুলনামূলক চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্টার্টআপ তহবিল খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তা তৈরির জন্য এ বরাদ্দ দ্বিগুণ বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।