প্রবাসী করদাতাদের জন্য নতুন সুযোগ

বিদেশে থাকার কারণে যারা নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দিতে পারেন না, তাদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত নতুন বাজেটে। অর্থ বিল ২০২৬-এর প্রস্তাব অনুযায়ী, এখন থেকে তিন ধরনের প্রবাসী করদাতা এই সুবিধা পাবেন এবং সারা বছরই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। 

জানা গেছে, এই নিয়মের আওতায় বিদেশে অবস্থানরত কোনো সাধারণ ব্যক্তি করদাতা বাংলাদেশে আসার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। মূলত তিন ধরনের প্রবাসী এই সুবিধাটির আওতায় আসবেন, যার মধ্যে রয়েছেন উচ্চশিক্ষার জন্য ছুটিতে থাকা করদাতা, চাকরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হয়ে বাংলাদেশের বাইরে অবস্থানকারী করদাতা এবং অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা ও পারমিটধারী হয়ে দেশের বাইরে অবস্থানকারী করদাতারা।

এছাড়াও বাজেটে প্রথমবার রিটার্ন জমাকারীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। আগে কখনো রিটার্ন দেননি এমন নতুন করদাতারা সংশ্লিষ্ট করবর্ষের জন্য প্রযোজ্য হারে আয়কর জমা দিতে পারবেন, যার সময়সীমা হলো আয়বর্ষ শেষ হওয়ার পরবর্তী ৩০ জুনের মধ্যে। এছাড়া আগামী অর্থবছর থেকে করদাতারা সারা বছরই রিটার্ন দিতে পারলেও, নির্ধারিত সময়ের আগে রিটার্ন জমা দিলে বেশি করছাড় পাওয়া যাবে। 

বাজেট প্রস্তাব অনুযায়ী, অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ২৫ হাজার টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ টাকা ছাড় পাবেন করদাতারা। দ্বিতীয় প্রান্তিক তথা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন দিলে স্বাভাবিক কর দিলেই হবে, তবে এতে কোনো অতিরিক্ত প্রণোদনা বা ছাড় পাওয়া যাবে না।

তবে সময় পার হয়ে গেলে করদাতাদের অতিরিক্ত অর্থ গুণতে হবে। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ তৃতীয় প্রান্তিকে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের অতিরিক্ত ২ শতাংশ বা তিন হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ টাকা পরিশোধ করতে হবে। আর একদম শেষ প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের অতিরিক্ত ৫ শতাংশ বা পাঁচ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ টাকা জরিমানা বা অতিরিক্ত হিসেবে দিতে হবে।