ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল

আস্থাহীনতা, ব্যাপক আমানত প্রত্যাহার এবং তারল্য সংকটের প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

রোববার (১৪ জুন) রাতে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংকটির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ ও বৃহত্তর জনস্বার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

এর আগে চেয়ারম্যান নিয়োগকে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা, গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলন এবং তারল্য পরিস্থিতির অবনতির মধ্যে রোববার বিকেলে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পর্ষদ ভেঙে দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন-কে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ৪৭(৩) ধারা অনুযায়ী তিনি পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি স্থিতিশীল করা, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।