দেশের বাজারে আরও এক দফা কমল সোনার দাম। স্থানীয় বাজারে মূল্য হ্রাসের ধারাবাহিকতায় এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে আজ থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি গহনা কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকে দেশজুড়ে নতুন এই মূল্য তালিকা কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ এর এক জরুরি সভায় এই দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে তথ্যটি জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ জুন) বাজেটের নতুন নিয়ম মেনে ভরি প্রতি নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপ করায় প্রথম দফায় দাম কমে ৯ হাজার ১৩ টাকা। এরপর গতকাল শুক্রবার (১৯ জুন) দ্বিতীয় দফায় দাম কমে ৪ হাজার ৩৭৪ টাকা। আর আজ তৃতীয় দফায় কমলো আরও ২ হাজার ২১৬ টাকা।
সব মিলিয়ে মাত্র তিন দিনের ব্যবধানে ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমেছে মোট ১৫ হাজার ৬০৩ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত বাজারে ২২ ক্যারেটের সোনা ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায় বিক্রি হলেও ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, আজ থেকে ভ্যাটসহ বিভিন্ন মানের সোনার ভরিপ্রতি সংশোধিত দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা (কমেছে ২,২১৬ টাকা)।
২১ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা (কমেছে ২,১০০ টাকা)।
১৮ ক্যারেট: ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা (কমেছে ১,৭৪৯ টাকা)।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা (কমেছে ১,৪৫৮ টাকা)।
সোনার দামে বিশাল ছাড় দেওয়া হলেও রুপার অলংকারের ক্ষেত্রে আগের নিয়ম ও দামই বহাল রেখেছে বাজুস। অর্থাৎ রুপা কিনতে হলে ক্রেতাদের আগের মতোই ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকাই থাকছে।