সদ্য সমাপ্ত অর্থবছরের অনন্য রেকর্ডের পর নতুন ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশে প্রবাসী আয়ের ঢল নেমেছে। চলতি জুলাই মাসের প্রথম ১১ দিনেই দেশে এসেছে ১১৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দৈনিক গড়ে প্রায় ১০ কোটি ৪৯ লাখ ডলারের সমান।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০৩ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় এবার এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এর আগে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরজুড়ে প্রবাসীরা মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩৫.৫৬ বিলিয়ন ডলার) পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের নতুন রেকর্ড।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের গত জুন মাসে ২৮১ কোটি ৭০ লাখ ডলার এবং মে মাসে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৪২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। তারও আগে গত মার্চ মাসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের শুরুতেই এই শক্তিশালী ধারা বজায় থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।