গ্রাহকদের জন্য টাকা তোলার খরচ (ক্যাশ আউট চার্জ) আরও সাশ্রয়ী করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
এখন থেকে প্রতি মাসে নির্ধারিত দুটি ‘প্রিয় এজেন্ট’ নম্বরে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউটের ক্ষেত্রে প্রতি হাজারে খরচ হবে মাত্র ১৩ টাকা ৯৫ পয়সা।
বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব ধরনের খরচ যুক্ত থাকবে, যার ফলে গ্রাহকদের অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না।
এর আগে প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউটের খরচ ছিল প্রতি হাজারে ১৪ টাকা ৯০ পয়সা।
বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে থাকা তাদের প্রায় ৮ কোটি ৪০ লাখ গ্রাহকের প্রতিদিনের আর্থিক লেনদেনকে আরও সাশ্রয়ী করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে বিকাশের সাড়ে ৩ লাখের বেশি এজেন্ট রয়েছে। গ্রাহকেরা প্রতি ক্যালেন্ডার মাসে নিজেদের পছন্দমতো যেকোনো দুটি এজেন্ট নম্বরকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে সেট করতে পারবেন। প্রয়োজনে প্রতি মাস শেষে এই নম্বরগুলো পরিবর্তন করার সুযোগও থাকছে।
‘প্রিয় এজেন্ট’ যুক্ত করার নিয়ম
বিকাশ অ্যাপ থেকে ‘প্রিয় এজেন্ট’ যুক্ত করতে গ্রাহককে হোম স্ক্রিনের ‘ক্যাশ আউট’ আইকনে ক্লিক করে ‘প্রিয় এজেন্ট’ অপশন থেকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। আর অ্যাপ ছাড়া সরাসরি *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ (My Bkash) মেনুর ‘প্রিয় নম্বর’ অপশনে গিয়ে সহজেই এজেন্ট নম্বর যুক্ত করা যাবে। গ্রাহকেরা যেকোনো সময় বিকাশ অ্যাপের ‘লিমিট’ অপশন থেকে তাদের মাসিক লিমিটের হিসাব দেখে নিতে পারবেন।
তবে মনে রাখতে হবে, প্রতি মাসে ৫০ হাজার টাকার বেশি ক্যাশ আউট করলে অথবা ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য যেকোনো সাধারণ এজেন্ট থেকে টাকা তুললে আগের মতোই প্রতি হাজারে ১৮ টাকা ৫০ পয়সা চার্জ প্রযোজ্য হবে।