এলপিজির দাম ৭০ টাকা বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১,৫৯৮ টাকা

বাড়লো এলপি গ্যাসের দাম

আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে।

এর ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা দাম বাড়ার আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।

রোববার (২ আগস্ট) বিইআরসির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ বছরের আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দামই বাজারে বহাল থাকবে।