জুলাইয়ে প্রবাসী আয় এলো ২৮৬ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই মাসের চেয়ে ১৫ দশমিক ৭৯ শতাংশ বেশি। আগের ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ডলার। আর চলতি বছরের জুনে রেমিট্যান্স এসেছিল ২৮২ কোটি ডলার, যা ছিল ৮ মাসের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশ ব্যাংকের সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আট বছরে জুলাই মাসে আসা রেমিট্যান্সের মধ্যে এই পরিমাণ সর্বোচ্চ।

দেশের রপ্তানি আয় যখন মন্থর, তখন রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় আমদানি বিলসহ বৈদেশিক পরিশোধের দায় মেটাতে তা গুরুত্বপূর্ণ সহায়ক হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় ২ শতাংশ কমে ৪০ বিলিয়ন ডলারে নেমেছে। অন্যদিকে জুলাই-মে সময়ে আমদানি ৬ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৬৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বিপরীতে, ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ রেকর্ড ৩৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।