ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হয়েছেন।
২৫ বছরের বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা নিয়ে কাখাবের বেনিদজে বিশ্বব্যাপী এফএমসিজি খাতে একজন অভিজ্ঞ ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। এর মধ্যে ১৫ বছরেরও বেশি সময় তিনি বোর্ড পর্যায়ের ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন।
২০০১ সালে বিএটিতে যোগ দেওয়ার পর তিনি মার্কেটিং, সাপ্লাই চেইন ও জেনারেল ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। কর্মজীবনে ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়া, মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় দায়িত্ব পালন করেছেন।
বিএটি বাংলাদেশে যোগ দেওয়ার আগে কাখাবের বেনিদজে বিএটি সুইজারল্যান্ড ও বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যবসায়িক পুনরুদ্ধার, টেকসই প্রবৃদ্ধি, পোর্টফোলিও রূপান্তর ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২৬ সালের ১ মে তিনি বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদেও যোগ দেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, তার বৈশ্বিক অভিজ্ঞতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি ও বাস্তবমুখী নেতৃত্ব বিএটি বাংলাদেশের পরবর্তী ধাপের প্রবৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে প্রতিষ্ঠানটির অবদান আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
কাখাবের বেনিদজের শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এক্সিকিউটিভ এমবিএ, জুরিসপ্রুডেন্সে স্নাতকোত্তর এবং ল্যান্ডস্কেপ আর্কিটেকচারে ডিগ্রি।
নিয়োগের বিষয়ে কাখাবের বেনিদজে বলেন, ‘১১৬ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এবং দেশের অন্যতম শীর্ষ করদাতা প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের।’
তিনি বলেন, ‘আমাদের মেধাবী সহকর্মী ও অংশীদারদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের শক্ত ভিত্তিকে আরও সুদৃঢ় করা, ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করা এবং বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অর্থবহ অবদান অব্যাহত রাখাই হবে আমার অগ্রাধিকার।’