দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকেই সারা দেশে এই দাম কার্যকর হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯ হাজার ৪৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ৮ হাজার ১০৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।
সোনার পাশাপাশি ভ্যাটসহ রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।