সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহার

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অধীনে যাওয়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের মধ্যে এবার সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। 

এর আগে গত ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে যাওয়া পাঁচ ব্যাংকের মধ্যে দুটি ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার সম্পন্ন হলো। 

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি তিনটি ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকেও পর্যায়ক্রমে প্রশাসক সরিয়ে নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই অন্য ব্যাংকগুলো থেকেও প্রশাসক প্রত্যাহার করা হবে।

এর আগে গত ২০ জুলাই বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সার্বিক দায়িত্ব অন্তর্বর্তী সরকারের সময় গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির হাতে তুলে দেওয়া হবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ২০ জুলাই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমান সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এর আগের দিন তিনি পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গেও বৈঠক করেন। গভর্নরের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারও উপস্থিত ছিলেন।