৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’। দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনা তৈরি এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। এর ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, ফেয়ার গ্রুপের হেড অব গ্রুপ মার্কেটিং তাসলিম কবির, বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং ইমতিয়াজ নওশের, ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. ওয়াহেদ ইবনে শাহেদ, চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু নাসের মাহমুদ, উইজার্ড শোবিজের চেয়ারম্যান মো. ফয়েজ উল্লাহ, সিইও আরিফুজ্জামান রাসেল এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলার, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল খাতসংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই ‘সুপার সেল কার বাজার’-এর প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে ক্রেতারা নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার পাশাপাশি বিভিন্ন সেবা ও আর্থিক সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

বক্তারা বলেন, বাংলাদেশে অটোমোবাইলের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাড়ছে গাড়ি ও মোটরসাইকেলের চাহিদাও। তবে ক্রেতা ও বিক্রেতাদের জন্য নিয়মিত, সুশৃঙ্খল এবং নির্ভরযোগ্য একটি মার্কেটপ্লেসের প্রয়োজন রয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাঁরা আরও বলেন, আধুনিক ও নিয়মিত মার্কেটপ্লেসের মাধ্যমে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি ও মোটরসাইকেল সম্পর্কে জানার পাশাপাশি সেগুলোর তুলনা করার সুযোগ পাবেন। অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ পাবেন।

আয়োজকদের তথ্যমতে, প্রতি শুক্রবারের এ আয়োজনে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকবে।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, অটোমোবাইল খাতে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আধুনিক ও নিয়মিত মার্কেটপ্লেস তৈরির প্রয়োজনীয়তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের প্রত্যাশা, এর মাধ্যমে ক্রেতা-বিক্রেতার মধ্যে যোগাযোগ বাড়ার পাশাপাশি অটোমোবাইল ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সম্পর্কও আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া অটোমোবাইল বিশেষজ্ঞ এবং কার ও বাইক কমিউনিটির প্রতিনিধিরাও ‘সুপার সেল কার বাজার’ আয়োজনের প্রশংসা করেন। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের আয়োজন দেশের অটোমোবাইল বাজারকে আরও সংগঠিত ও গতিশীল করতে সহায়ক হবে।