আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এ দাম সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ আগস্ট ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এই দাম বাড়ানোর পাঁচদিন পর এখন আবার দাম বাড়ানো হলো।

এখন ভ্যাটসহ সোনার গহনার দাম:

  • ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
  • ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা।
  • ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।
  • সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

সোনার গহনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার গহনারও দাম বাড়ানো হয়েছে।

ভ্যাটসহ রুপার গহনার দাম:

  • ২২ ক্যারেটের এক ভরির দাম ২৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।
  • ২১ ক্যারেটের এক ভরির দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭৪ টাকা।
  • ১৮ ক্যারেটের এক ভরির দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৩৭৪ টাকা।
  • সনাতন পদ্ধতির এক ভরির দাম ১৬৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।