জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। এনবিআরের বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এটিই সবচেয়ে বড় পরিবর্তন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এবারের রদবদলে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদও অন্তর্ভুক্ত রয়েছে।
এনবিআরের আদেশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) একসঙ্গে ২২ জন কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।
এবারের রদবদলে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সিআইসির মহাপরিচালক পদে সেলিনা সুলতানার নিয়োগ। এর মাধ্যমে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা মহাপরিচালকের দায়িত্ব পেলেন। এর আগে সেলিনা সুলতানা ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সিআইসির বিদ্যমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে বদলি করে ঢাকার কর অঞ্চল-৮-এর কমিশনার করা হয়েছে। অন্যদিকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মহিদুল ইসলাম। এর আগে তিনি কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক ছিলেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পৃথক আদেশ ও প্রজ্ঞাপন থেকে জানা যায়, বৃহস্পতিবার প্রথমে ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। এরপর ওই কর্মকর্তাদেরসহ মোট ২২ জন কর কমিশনারকে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে নতুন দায়িত্বে পদায়ন করা হয়।
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে এনবিআরের কর গোয়েন্দা ইউনিটেও রদবদল করা হয়েছে। ওই সময় সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ আবদুর রকিব। এর আগে তিনি এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার ছিলেন।