আইএমএফ-এর পূর্বাভাস

‘শীঘ্রই অর্থনীতিতে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে বাংলাদেশ অর্থনীতিতে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলোকে পেছনে ফেলবে।

কানাডিয়ান সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত আইএমএফের 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক' এর তথ্যে এটি তুলে ধরা হয়।

আইএমএফের পূর্বাভাসে ২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপি ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর কথা বলা হয়েছে।

ভিয়েতনামের অর্থনীতি ৬৬৭ দশমিক ৫, ডেনমার্ক ৫৮৯ দশমিক ২ ও থাইল্যান্ডের অর্থনীতি ৬৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। দেশগুলোর জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।

​একই সময়সীমার মধ্যে বিশ্ব অর্থনীতি ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, যেখানে এক-তৃতীয়াংশের বেশি প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেবে এশিয়া ও মধ্যপ্রাচ্য। 

​২০৩০ সাল নাগাদ বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকবে যথাক্রমে যুক্তরাষ্ট্র (৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার) ও চীন (২৬ ট্রিলিয়ন ডলার)।

তৃতীয় ও চতুর্থ স্থানে থাকবে জার্মানি (৬ দশমিক ১৭৮ ট্রিলিয়ন ডলার) ও ভারত (৬ দশমিক ১৭৩ ট্রিলিয়ন ডলার)। মাত্র ৫ বিলিয়ন ডলারের ব্যবধানে ভারত জার্মানির খুব কাছাকাছি পৌঁছে যাবে।

​এছাড়া এশিয়ার অন্যান্য দেশের মধ্যে জাপান (৫ ট্রিলিয়ন ডলার) এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে যুক্তরাজ্য (৫ দশমিক ১ ট্রিলিয়ন ডলার) অর্থনৈতিকভাবে এগিয়ে থাকবে। তবে এই সময়ের মধ্যে রাশিয়ার অর্থনীতি সংকোচনের মুখে পড়তে পারে।