সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় পতন

টানা কয়েক দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ এই মানের এক ভরি সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবী সোনার মূল্য হ্রাস পাওয়ার কারণে এই সমন্বয় করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে মূল্য হ্রাসের এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে চলতি মাসের ২০, ২২ ও ২৫ আগস্ট পর পর তিন দফায় ভালো মানের সোনার দাম ভরিতে মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল। সেই বৃদ্ধির পরই এবার বড় ধরনের ছাড় পেলেন ক্রেতারা।

সোনার নতুন মূল্য তালিকা

২২ ক্যারেট: ভরিতে ৭,১১৫ টাকা কমে ভ্যাটসহ নতুন দাম ২,৪০,৬২৮ টাকা।

২১ ক্যারেট: ভরিতে ৬,৮২৩ টাকা কমে নতুন দাম ২,২৯,৭৮১ টাকা।

১৮ ক্যারেট: ভরিতে ৫,৮৩২ টাকা কমে নতুন দাম ১,৯৭,৩৫৫ টাকা।

সনাতন পদ্ধতি: ভরিতে ৪,৭২৪ টাকা কমে নতুন দাম ১,৬১,১৯৬ টাকা।

সোনার পাশাপাশি কমেছে রুপার বাজারমূল্যও। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে নতুন মূল্য দাঁড়িয়েছে ৫,৩০৭ টাকা। ২১ ক্যারেটের রুপা ১৭৫ টাকা কমে ৫,০৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১১৭ টাকা কমে ৪,৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৫৯ টাকা কমে ৩,৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।