সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর মাসেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমান দামই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়ে সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে।

ফলে আগামী মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

এর আগে জুনে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিল। এরপর জুলাই ও আগস্টে এসব জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করে জ্বালানি বিভাগ।