বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরের দিকে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ০.৫৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৬.৮০ ডলারে পৌঁছেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯২.১৪ ডলারে দাঁড়িয়েছে।

ইরানের দাবি, সংস্থাটির অনুমতিহীন রুট ব্যবহার করার অপরাধে তারা হরমুজ প্রণালিতে থাকা মার্কিন সংযোগযুক্ত তিনটি জাহাজ এবং তিনটি জ্বালানি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, মার্কিন হামলায় ইরানের তিনটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার ধ্বংসের জবাব হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, তাদের যুদ্ধজাহাজে ইরানি হামলার প্রতিশোধ নিতেই তারা প্রথম আঘাত হেনেছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম সামগ্রিকভাবে ৩০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের আশঙ্কা বাড়াচ্ছে।