বাড়লো সোনার দাম, ভরি কত?

দেশের বাজারে ফের বৃদ্ধি পেয়েছে সোনার দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়।

স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবী সোনার মূল্যবৃদ্ধির কারণেই দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর বৈঠকে মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাট যুক্ত করে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বৃদ্ধিতে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ করে ১৭২ টাকায়।

সোনার পাশাপাশি রূপার দামেও এসেছে ঊর্ধ্বমুখী পরিবর্তন। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দর ১১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ টাকায়। ২১ ক্যারেটের রূপার ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।