গ্রাহকদের পুনঃঅর্থায়ন সুবিধা দিতে বাংলা‌দেশ ব্যাংকের সঙ্গে ডাচ-বাংলা ব্যাংকের চুক্তি

গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম এবং আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম-এর অধীনে গ্রাহকদের স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট -এর সাথে দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ডাচ-বাংলা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক জনাব এ. কে. এম. নুরুন্নবী এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণ উৎসাহিত করা হবে। পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ আন্তর্জাতিক বাজারে স্বনামধন্য ক্রেতাদের আকর্ষণ করার মাধ্যমে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করবে এবং পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে। এ স্কিমে মোট ১,০০০ কোটি টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ করা হয়েছে; যার অধীনে একজন একক গ্রাহক ৫% সুদে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন।

আইসিটি খাত পুনঃঅর্থায়ন স্কিমটি উন্নয়ন পরিকল্পনায় সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত আইসিটি খাত ও এর উপ-খাতগুলোর উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে । এছাড়াও হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্কে উৎপাদিত পণ্য ও সেবা এবং আইসিটি খাতে নারী উদ্যোক্তাদের এ স্কিমের অধীনে অগ্রাধিকার দেওয়া হবে। এই স্কিমেও মোট ১,০০০ কোটি টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ করা হয়েছে, যেখানে একজন গ্রাহক ৪% সুদে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে।