অক্টোবরে প্রথম তিন দিনের রেমিট্যান্স ২০ কোটি ৬০ লাখ ডলার

চলতি অক্টোবরের প্রথম তিন দিনে দেশে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের অক্টোবরের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছিল ৫ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় আসার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা রয়েছে। ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার।

হিসাব অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ। সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবেশের কারণে প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত রয়েছে।