১১ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৩৪১ কোটি টাকা

চলতি বছরের অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ১১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ৩৪১ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রোববার দেশে ২ হাজার ১৭৭ কোটি ১০ লাখ টাকা সমপরিমাণ প্রবাস আয় এসেছে। গত বছরের অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৮ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাস আয় বেড়েছে ১৮ দশমিক ১০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৭৫ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।