শনিবার অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে আগামী ২২ অক্টোবরও ছুটি ঘোষণা করেছে সরকার। এ কারণে এর আগে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে শনিবার সরকারি অফিস, ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান ও আদালত খোলা থাকবে।

এ বিষয়ে গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। এর মধ্যে ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ওই দিন চাকরিজীবীদের অফিস করতে হবে।

সচিবালয়সহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করবেন। পাশাপাশি ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতও খোলা থাকবে।

এর আগে ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়।

সরকারি ছুটির পুনর্বিন্যাসের ফলে ২০, ২১ ও ২২ অক্টোবরের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে।