স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে সব ধরণের সোনা ও রুপার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকেই সারাদেশে এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি সভায় নতুন এই দর নির্ধারণ করা হয়। পরবর্তীতে কমিটির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্য হ্রাসের এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সোনার নতুন মূল্য (ভ্যাটসহ):
২২ ক্যারেট: ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
২১ ক্যারেট: ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে বিক্রি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা।
১৮ ক্যারেট: ভরিতে ১ হাজার ৩৪১ টাকা হ্রাস পেয়ে বর্তমান দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা।
সনাতন পদ্ধতি: ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমে নতুন মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
কমেছে রুপার দামও:
সোনার পাশাপাশি এবার বাজুস রুপার দামেও কাটছাঁট করেছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে করা হয়েছে ৪ হাজার ২৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৩ হাজার ৮৪৯ টাকা (কমল ১১৭ টাকা), ১৮ ক্যারেট ৩ হাজার ৩২৪ টাকা (কমল ১১৭ টাকা) এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ ১৬ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।