১৫ শতাংশ ডলার রাখতে পারবেন পর্যটন ব্যবসায়ীরা

বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজস্ব বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টে জমা রাখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা পাবেন হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মলসহ সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। বাকি ৮৫ শতাংশ বৈদেশিক মুদ্রা তাৎক্ষণিকভাবে টাকায় রূপান্তর করতে হবে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এসংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। সার্কুলার অনুযায়ী, আন্তর্জাতিকভাবে ইস্যু করা ডেবিট, ক্রেডিট ও ট্রাভেল কার্ডসহ অনুমোদিত অন্যান্য পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। যোগ্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজ নামে পরিচালিত এফসি অ্যাকাউন্টে আয়ের সর্বোচ্চ ১৫ শতাংশ জমা রাখতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা সহজ করা এবং বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রিতে ব্যবসায়ীদের উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে নিজেদের বৈধ বৈদেশিক মুদ্রার চাহিদা ও দায় মেটাতে পারে, সে সুযোগও তৈরি হবে।

সার্কুলারে বলা হয়েছে, এফসি অ্যাকাউন্টে জমা রাখা অর্থ বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন মেনে আন্তর্জাতিক কার্ডের পেমেন্টসহ চলতি হিসাবের বিভিন্ন বৈধ দায় পরিশোধে ব্যবহার করা যাবে। তবে এ সুবিধা দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক কার্ড ও অন্যান্য অনুমোদিত মাধ্যমে অর্থ গ্রহণের উপযুক্ত কারিগরি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে কি-না, তা নিশ্চিত করতে হবে এডি ব্যাংকগুলোকে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তকে পর্যটন ও সেবা খাতের ব্যবসায়ীদের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় এ সুবিধা আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ সহজ করার পাশাপাশি বিদেশি পর্যটকনির্ভর ব্যবসায় গতি আনবে। একই সঙ্গে বৈধ বৈদেশিক মুদ্রার দায় মেটানোর সুযোগ বাড়ায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনাও সহজ হবে।