বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সমন্বিত সার্কুলার জারি

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রম সহজ এবং সুশৃঙ্খল করতে বিদ্যমান বিধিবিধান একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জারি করা নতুন এই সার্কুলারে প্রয়োজনীয় সংশোধনসহ বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত প্রচলিত নির্দেশনাগুলো এক জায়গায় সংকলন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রম এতদিন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ এবং এ আইনের আওতায় জারি করা বিভিন্ন সার্কুলারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এসব কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে বিদ্যমান বিধিবিধানগুলো সমন্বিতভাবে উপস্থাপন করা হয়েছে।

সার্কুলার জারির ফলে গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনস-২০১৮ (জিএফইটি), প্রথম খণ্ড এবং পরবর্তী সময়ে জারি করা এ-সংক্রান্ত সার্কুলারগুলোর বিদ্যমান নির্দেশনা বাতিল বলে গণ্য হবে। তবে জিএফইটির দ্বিতীয় খণ্ডে থাকা মাসিক প্রতিবেদন দাখিল-সংক্রান্ত নির্দেশনা বহাল থাকবে।

এতে আরও বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ২০(৩) ধারায় বাংলাদেশ ব্যাংককে দেওয়া ক্ষমতাবলে এই সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নতুন কোনো নির্দেশনা জারি করা হলে তা এই সার্কুলারের সঙ্গে সমন্বয় করে পড়তে হবে। সার্কুলারের নির্দেশনাগুলো সংশ্লিষ্ট গ্রাহক ও প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দিতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।