বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইরান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাতের তীব্রতা বাড়তে পারে—এমন আশঙ্কায় ব্যবসায়ীরা তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এর প্রভাবে অপরিশোধিত তেলের দাম বেড়ে গত এপ্রিলের শেষ দিকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১১৭ ডলার ৬৪ সেন্টে দাঁড়িয়েছে। দিনের লেনদেনে একপর্যায়ে এই দাম ১১৮ ডলারেও পৌঁছায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ১২ সেন্ট হয়েছে।

অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম মোট ১৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।

এদিকে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজকে ঘিরে একের পর এক ঘটনার খবর সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, একদিনে সুপারট্যাংকারের সঙ্গে সংশ্লিষ্ট চারটি ঘটনা ঘটেছে। তাদের দাবি, ইরানি কর্তৃপক্ষের ঘোষিত নিষিদ্ধ রুটে চলাচলের সময় দুটি জাহাজ মাইনে আঘাত করেছে।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। এ পথে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান যুদ্ধের উত্তেজনা এবং সম্ভাব্য সরবরাহ সংকটের প্রভাবেই তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।