রিপাবলিকানদের ভরাডুবির পর কমেছে ডলার-তেলের দাম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের বড় পরাজয়ের পর বুধবার (৪ নভেম্বর) ডলারের দর ও তেলের দাম কমেছে। এ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে। বড় ব্যবধানে জয় পেয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। ফলে আইন প্রণয়ন আটকে দেওয়া, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু এবং বিচার বিভাগ ও সরকারের শীর্ষ পদে নিয়োগ ঠেকানোর ক্ষমতা পেয়েছে দলটি।

বিনিয়োগ প্ল্যাটফর্ম এজে বেলের পরিচালক (বিনিয়োগ) রাস মোল্ড বলছেন, নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের প্রভাব আর্থিক বাজারে কীভাবে পড়বে- বিনিয়োগকারীরা তা বোঝার চেষ্টা করছেন। আগামী কয়েক মাসে ট্রাম্প কী ধরনের পদক্ষেপ নেবেন, সেটি নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে।

এই ফলাফল মার্কিন রাজনীতিতে অচলাবস্থা তৈরি করতে পারে- এমন আশঙ্কায় অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দর কমেছে। এর বিপরীতে ইউরোর মূল্য ১ দশমিক ১১৯১ থেকে বেড়ে ১ দশমিক ১২৪৩ এবং পাউন্ড ১ দশমিক ৩৪১৩ থেকে ১ দশমিক ৩৪৭৫ হয়েছে। ডেমোক্র্যাটরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে পারে। এমন আশঙ্কায় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দরও কমেছে। নির্বাচনের আগে এশিয়ার শেয়ারবাজারগুলোতেও মোটামুটি ইতিবাচক লেনদেন হলেও প্রযুক্তি খাতের দুর্বলতায় টোকিওর শেয়ারবাজার দিন শেষে দরপতনে শেষ হয়।

অপরদিকে বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের (ব্রেন্ট ক্রুড) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২ শতাংশ কমে ১০২.৩৬ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ০.৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৪২ ডলারে নেমেছে।