দেশের রিজার্ভ নিয়ে সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহও অব্যাহত রয়েছে। চলতি নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজার্ভের এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

অন্যদিকে, বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে নভেম্বরের প্রথম ১৭ দিনের রেমিট্যান্সের হিসাব প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৫ হাজার ২৭৬ কোটি ৫০ লাখ টাকা।

এর মধ্যে শুধু মঙ্গলবার (১৭ নভেম্বর) এক দিনেই দেশে এসেছে ৮ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৭৯ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার। এ হিসাবে বছর ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২ শতাংশ।