১ মাসের মধ্যে 'ভাসমান মুদ্রা বিনিময় হার' চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

সম্পূর্ণ ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা আগামী ১ মাসের মধ্যে চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দর-কষাকষির মাধ্যমে বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণ করতে পারবেন।

শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামে ব্যবসায়ী নেতা ও অন্যান্য অংশীজনের সঙ্গে আয়োজিত এক সভায় গভর্নর মো. মোস্তাকুর রহমান এ তথ্য জানান। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (২০২৭ সালের জানুয়ারি-মার্চ) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে এক সভার আয়োজন করা হয়।

মো. মোস্তাকুর রহমান বলেন, বৈদেশিক মুদ্রাবাজারের কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে আমরা কাজ করছি। আশা করছি, এক মাসের মধ্যে এটি শেয়ারবাজারের মতো সম্পূর্ণ ভাসমান বাজারে পরিণত হবে।

সভায় তিনি প্রশ্ন তোলেন, গত এক দশকে ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় সমান হওয়া সত্ত্বেও ভারতীয় রুপির তুলনায় বাংলাদেশি টাকার অবমূল্যায়ন কেন এত তীব্র হলো।

বিনিময় হারের পরিসংখ্যান তুলে ধরে গভর্নর জানান, ২০১৬ সালে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল ৬৭ দশমিক ২০, যা ২০২৬ সালে ৯৪ দশমিক ৩ রুপিতে দাঁড়িয়েছে। এতে রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ৪০ শতাংশ। 

অন্যদিকে, একই সময়ে ডলারের বিপরীতে বাংলাদেশের বিনিময় হার ৭৮ দশমিক ৪৭ টাকা থেকে বেড়ে ১২৪ দশমিক ৮৬ টাকায় পৌঁছেছে, যা প্রায় ৬০ শতাংশ অবমূল্যায়নের ইঙ্গিত দেয়।

অথচ এ সময়কালে ভারতের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭২ দশমিক ৪ শতাংশ, যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৭২ দশমিক ১ শতাংশ।

গভর্নর আরো প্রশ্ন করেন, একপর্যায়ে বৈদেশিক মুদ্রার তারল্য ৩০ কোটি ডলার থেকে বেড়ে ১০০ কোটি ডলারে উন্নীত হওয়া এবং ৫১টি ব্যাংক লং পজিশনে [চাহিদার তুলনায় বাড়তি বৈদেশিক মুদ্রা মজুত] থাকা সত্ত্বেও বিনিময় হার কেন ক্রমাগত বাড়তে থাকল। বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ করতে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা কেনাবেচার প্রক্রিয়াগুলো পর্যালোচনা করছে বলেও জানান তিনি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল সুদের হার সমন্বয়ই যথেষ্ট নয় উল্লেখ করে গভর্নর উৎপাদন, সরবরাহ ও বিতরণ ব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর দেন। তিনি বলেন, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিতরণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক অর্থায়ন স্কিম ও প্রণোদনার মাধ্যমে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) অগ্রাধিকার দিচ্ছে।

এছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দেশীয় ব্যবসা-বাণিজ্য সচল রাখতে বিনিময় হারের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি বলেও তিনি গুরুত্বারোপ করেন।