বাংলাদেশসহ মোট ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চলের পণ্যে বাড়তি শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, কাঠামোগত ভারসাম্যহীনতা এবং বাণিজ্যনীতির কারণে মার্কিন স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেছে ওয়াশিংটন।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের পণ্যের ওপর প্রচলিত শুল্কের অতিরিক্ত হিসেবে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছে ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর)। গত বুধবার (২৫ নভেম্বর) ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার তদন্তের প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
তদন্ত প্রতিবেদনে ১৪টি দেশের উৎপাদন কাঠামো ও সংশ্লিষ্ট নীতিমালাকে মার্কিন বাণিজ্যের জন্য ক্ষতিকর হিসেবে তুলে ধরা হয়েছে। এসব কারণে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ ছাড়া এই তালিকায় রয়েছে চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। এছাড়া থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, তাইওয়ান এবং ইউরোপীয় ইউনিয়নের নামও রয়েছে।
বাংলাদেশকে ঘিরে পাঁচ আপত্তি
ইউএসটিআরের প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি নীতি ও চর্চাকে আপত্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথমত, গুরুত্বপূর্ণ উৎপাদন খাতে সক্ষমতা টিকিয়ে রাখা ও বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনার কথা বলা হয়েছে।
দ্বিতীয়ত, উৎপাদন ও রপ্তানি বাড়াতে দেওয়া সরকারি প্রণোদনাকে বিশ্ববাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্টকারী হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। তৃতীয়ত, শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে পর্যাপ্ত উদ্যোগের ঘাটতির অভিযোগ আনা হয়েছে।
চতুর্থত, দেশের আর্থিক খাতের কিছু নিয়ন্ত্রণমূলক নীতিকে ‘ফিন্যান্সিয়াল রিপ্রেশন’ বা আর্থিক দমনমূলক নীতি হিসেবে অভিহিত করেছে সংস্থাটি। পঞ্চমত, বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ঠেকাতে বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করা হয়েছে।
বিশেষ করে বাজারভিত্তিক নয় এমন অর্থনীতি থেকে পণ্য আমদানি এবং বিদেশি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়টি প্রতিবেদনে এসেছে। ওয়াশিংটনের মতে, এসব কারণে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকরা বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে সুযোগ হারাচ্ছেন।
বাণিজ্য ও পোশাক খাতে প্রভাবের শঙ্কা
ওয়াশিংটনের দাবি, এসব নীতির প্রভাবে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বাজারভিত্তিক নয় এমন অর্থনীতির উপকরণের ওপর নির্ভরতা তাদের অর্থনৈতিক নিরাপত্তায় ঝুঁকি তৈরি করছে।
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাবের প্রভাব বাংলাদেশের তৈরি পোশাক ও অ্যাপারেল খাতে সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা রয়েছে। সামনে বাণিজ্য আলোচনায় বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।