প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যসহ বিশ্ব বাজারে গোশত রফতানির উদ্যোগ নেবে সরকার

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির শুরুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রফতানির উদ্যোগ নেয়া হবে। 

 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে এই কর্মসূচি শুরু হয়।

 

খামারিদের প্রণোদনা ও গ্রামীণ অর্থনীতির বিকাশ

 

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের গোশতের চাহিদা পূরণে খামারিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা প্রদান করছে।’

 

প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী টুকু বলেন, ‘প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জড়িত।’

 

তিনি আরো বলেন, ‘প্রাণিসম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে চরাঞ্চলের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করতে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।’

 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র‍্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

র‍্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো: শাহজামান খান, মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা: মো: আব্দুর রহিমসহ অ্যাসোসিয়েশনের সদস্য, দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি, খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।