অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে গ্রাহককে এখন থেকে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০ টাকা (ভ্যাটসহ) পরিশোধ করতে হবে। এতদিন এই চার্জ ১৫ টাকা ছিল। তবে কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংককে ১৫ টাকা পরিশোধ করবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে নতুন হার কার্যকর হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথম ৫টি লেনদেনে প্রতি লেনদেনে (২০ হাজার টাকা বা গ্রাহকের চাহিদা অনুযায়ী কম পরিমাণ) ১৫ টাকা (ভ্যাটসহ) চার্জ প্রযোজ্য। পরবর্তী লেনদেনে প্রতি লেনদেনে ৩০ টাকা (ভ্যাটসহ) চার্জ আদায় করা হবে।
এ ছাড়া সর্বোচ্চ উত্তোলন সীমা এনপিএসবির আওতায় একজন গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করতে পারবেন।