প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

পর্বতজয়ের নেশায় আরও একবার বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ালেন বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ ‘মাকালু’ আরোহণ করে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। এই অর্জনের মাধ্যমে বাবর আলী বিশ্বের আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বত সফলভাবে আরোহণের বিরল রেকর্ড গড়লেন, যা আর কোনো বাংলাদেশির নেই।

শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে বাবর আলী ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শৃঙ্গের চূড়ায় পা রাখেন। নেপালি সংস্থা ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর বরাত দিয়ে চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর সভাপতি ফারহান জামান এই সাফল্যের খবর নিশ্চিত করেছেন। চূড়ায় আরোহণের সময় তার সঙ্গে ছিলেন শেরপা পর্বতারোহী আং কামি শেরপা।

গত ৭ এপ্রিল মাকালু অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়েন পেশায় চিকিৎসক বাবর আলী। ৯ এপ্রিল নেপালের টুমলিংটারে পৌঁছে বেস ক্যাম্পে তিনি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ শুরু করেন। গত ৩০ এপ্রিল তিনি চূড়ান্ত যাত্রা শুরু করেন এবং সরাসরি ক্যাম্প-২-এ পৌঁছান। ১ মে দিবাগত মধ্যরাতে ক্যাম্প-৩ থেকে শুরু করে ১ হাজার ১০০ মিটারের বিপজ্জনক খাড়া পথ পেরিয়ে ভোরে তিনি মাকালুর শিখরে পৌঁছান। অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩ মে’র মধ্যে তিনি বেস ক্যাম্পে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালে পর্বতারোহণ শুরু করা বাবর আলীর এই যাত্রার পেছনে রয়েছে দীর্ঘ এক দশকের কঠোর পরিশ্রম ও একাগ্রতা। তিনি ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সাধারণ সম্পাদক। ২০১৭ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের পর থেকে তিনি হিমালয়ের বেশ কিছু কঠিন শৃঙ্গে অভিযান চালিয়েছেন। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে 'আমা দাবলাম' আরোহণের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এরপর ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ 'মাউন্ট এভারেস্ট' ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ 'লোৎসে' আরোহণ করেন তিনি। ২০২৫ সালের এপ্রিলে তিনি 'অন্নপূর্ণা-১' জয় করেন এবং একই বছরের সেপ্টেম্বরে প্রথম বাংলাদেশি হিসেবে কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই 'মাউন্ট মানাসলু'র চূড়ায় পা রেখে রেকর্ড গড়েন। বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গ জয়ের যে লক্ষ্য বাবর আলী স্থির করেছেন, মাকালু জয় সেই অভিযাত্রায় তার পঞ্চম বড় মাইলফলক।