বিশ্বজুড়ে পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে বড় ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে কোনো স্থানীয় স্পনসর ছাড়াই মিলবে ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা।
দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) আনুষ্ঠানিকভাবে এই নতুন ভিসার ঘোষণা দিয়েছে। এই একটি ভিসা দিয়েই পর্যটকেরা টানা পাঁচ বছর একাধিকবার দুবাইসহ পুরো আমিরাতে প্রবেশ করতে পারবেন।
নতুন এই নিয়মের আওতায় একজন দর্শনার্থী প্রতিবার আমিরাতে গিয়ে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করার সুযোগ পাবেন। প্রয়োজনে এই অবস্থানের মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়ে নেওয়া যাবে।
তবে কোনো অবস্থাতেই এক বছরে আমিরাতে অবস্থানের মোট সময়সীমা ১৮০ দিনের বেশি হওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিশ্বের যেকোনো দেশের নাগরিকই এখন এই দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এই ভিসার আবেদনের জন্য ভ্রমণকারীদের সদ্য তোলা রঙিন ছবি এবং কমপক্ষে ছয় মাসের মেয়াদসহ পাসপোর্টের কপি জমা দিতে হবে।
আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে বিগত ছয় মাসের এমন একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, যেখানে ন্যূনতম ৪ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থ ব্যালেন্স রয়েছে।
এর পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই একটি বৈধ স্বাস্থ্য বীমা (হেলথ ইন্স্যুরেন্স) এবং দুবাই থেকে দেশে ফেরার কনফার্মড রিটার্ন বিমান টিকিট জমা দিতে হবে।
যারা বারবার দুবাই বা আরব আমিরাতে ভ্রমণ করতে চান, এই সহজ শর্তগুলো পূরণ করে তাঁরা সহজেই এই চমৎকার সুযোগটি লুফে নিতে পারেন।
তথ্যসূত্র: গালফ টুডে ও জিডিআরএফএ (GDRFA)