লন্ডনের কোভেন্ট গার্ডেনে ১৭৯৮ সালে যাত্রা শুরু করা রুলস রেস্তোরাঁ পেরিয়ে গেছে ২২৮ বছর। দুই শতাব্দীরও বেশি সময় ধরে টিকে থাকা এই প্রতিষ্ঠানটি এখনো ধরে রেখেছে ব্রিটিশ খাবার ও পুরোনো দিনের ঐতিহ্য।
টমাস রুল প্রতিষ্ঠিত রেস্তোরাঁটিতে একসময় সাহিত্যিক চার্লস ডিকেন্স থেকে শুরু করে পপ তারকা ম্যাডোনার মতো তারকারাও এসেছেন। প্রবেশ করলেই পুরোনো সময়ের আবহ পাওয়া যায়। দেয়ালজুড়ে রয়েছে ভিনটেজ আয়না, ভাস্কর্য, আবক্ষ মূর্তি, আঁকা ছবি ও কার্টুন।
রেস্তোরাঁটির জানালায় সোনালি অক্ষরে লেখা তিনটি শব্দ, ঝিনুক, পাই, পুডিং। নামগুলোই যেন এর খাবারের দর্শনের পরিচয় দেয়। খরগোশ ও গিনি ফাউলসহ বিভিন্ন ধরনের শিকারজাত মাংসের পাশাপাশি এখানে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী ব্রিটিশ খাবার ও পুরোনো ধাঁচের মিষ্টান্ন।
রুলসের দীর্ঘস্থায়িত্বের আরেকটি কারণ এর সাংস্কৃতিক উপস্থিতি। রেস্তোরাঁটির খাবারঘর বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের দৃশ্যধারণে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে রয়েছে ডাউনটন অ্যাবে এবং জেমস বন্ডের চলচ্চিত্র স্পেক্টর।
দুই শতাব্দীর বেশি সময় পেরিয়েও পুরোনো খাবার, সাজসজ্জা ও পরিবেশ ধরে রেখে রুলস এখনো লন্ডনের খাদ্য ও সাংস্কৃতিক ইতিহাসের এক জীবন্ত অংশ হয়ে আছে। সূত্র: সিএনএন