চলন্ত বাসে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম নামে এক নারী। গত শনিবার রাতে ঢাকার জিরানী থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী একটি বাসে এ ঘটনা ঘটে।
রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে হঠাৎ প্রসববেদনা শুরু হয় আবিদার। তাৎক্ষণিকভাবে বাস থামিয়ে স্থানীয় এক ধাত্রীর সহায়তায় প্রসবের ব্যবস্থা করা হয়।
সুস্থভাবে সন্তান প্রসবের পর বাসের যাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। নির্ধারিত সময়ের ২০ দিন আগেই এই অলৌকিক জন্ম হয় বলে পরিবার জানায়।
নবজাতক ও তার মায়ের যাতায়াত আজীবন ফ্রি ঘোষণা করেছে ‘আনাস এন্টারপ্রাইজ’ কর্তৃপক্ষ। পাশাপাশি বুধবার দুপুরে নবজাতকের বাড়িতে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
বাসের নামের সাথে মিল রেখে শিশুটির নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।