পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে এক টুইট (এক্স) বার্তায় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। তাঁর সঙ্গে আজ অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে নিরাপত্তা সহযোগিতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
একই দিনে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। এর আগে গতকাল রোববার ভারত, চীন, পাকিস্তান ও সৌদি আরবের রাষ্ট্রদূতগণ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর বৈশ্বিক কূটনৈতিক মহলের এই তৎপরতাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।