কূটনৈতিক উপায়ে পাকিস্তান ও আফগানিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে দুই দেশ চাইলে সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে মস্কো প্রস্তুত বলে জানিয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা আরআইএ।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ও পাকিস্তানকে সীমান্ত আক্রমণ বন্ধ করতে এবং কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে রাশিয়া।
আরআইএ আরও জানায়, দুই দেশ অনুরোধ করলে সংঘাত বন্ধে মধ্যস্থতার বিষয়টি বিবেচনা করবে মস্কো।
শুক্রবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের মধ্যে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের একাধিক শহরে হামলা চালিয়েছে। তাদের দাবি, আফগান তালেবান বাহিনীর উসকানিমূলক হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানায়, এসব অভিযানে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ও গোলাবারুদের গুদাম লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্স (সাবেক টুইটার) এ দেয়া পোস্টে এ ঘোষণা দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করার পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ধারাবাহিক হামলার মধ্যেই খাজা আসিফ এই ঘোষণা দেন।