ইরানে হামলার বিরুদ্ধে চীন-রাশিয়ার কূটনৈতিক প্রতিবাদ

রাশিয়া এবং চীন ইরান লক্ষ্য করে চালানো মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছে। মস্কো জানিয়েছে, তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে- এমন কোনো প্রমাণ তারা দেখেনি। অন্যদিকে, বেইজিং এই যৌথ হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে।

মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার-কে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা যখন ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগসহ বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওয়াং ই ইসরায়েলি মন্ত্রীকে বলেছেন, "দুর্ভাগ্যবশত সামরিক অভিযানের ফলে এই (শান্তি) প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। চীন ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলার বিরোধী।"

তিনি আরও যোগ করেন, "সংঘাতের আরও বিস্তার এবং নিয়ন্ত্রণহীন পরিস্থিতি রোধ করতে চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছে। শক্তি প্রয়োগ করে কখনোই সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়; বরং এটি নতুন সমস্যা এবং দীর্ঘমেয়াদী ভয়াবহ পরিণাম ডেকে আনবে।" এছাড়া, ইরানে অবস্থানরত চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওয়াং ই-র অনুরোধে ইসরায়েলি মন্ত্রী সম্মত হয়েছেন বলে জানা গেছে।