যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তিন দিনব্যাপী রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আজ বুধবার (৪ মার্চ) থেকে শুরু হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) এই তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘ ৩৬ বছর ধরে ইরানের ক্ষমতার শীর্ষ শিখরে থাকা ৮৬ বছর বয়সী এই নেতার প্রয়াণে দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশনের তথ্য অনুযায়ী, আজ বুধবার রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে খামেনির মরদেহ রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। তিন দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সমাহিত করা হবে, যা খামেনির জন্মস্থান।
আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী নেতা কে হবেন, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপক গুঞ্জন। ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের প্রভাবশালী ‘বিশেষজ্ঞ পরিষদ’ (Assembly of Experts) খামেনির বড় ছেলে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। যদিও ইরান সরকারের পক্ষ থেকে এখনো এই খবরের আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করা হয়নি।