ইউরোপীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সরাসরি সংঘাতের মাঝে এবার ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) কড়া বার্তা দিলো ইরান। তেহরান স্পষ্টভাবে সতর্ক করে বলেছে, ইউরোপীয় দেশগুলো যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং পুরো অঞ্চল এক ভয়াবহ মহাযুদ্ধের মুখে পড়বে।

বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এই হুঁশিয়ারি দেন।

মুখপাত্র ইসমাইল বাঘায়ি সরাসরি জার্মানিকে অভিযুক্ত করে বলেন, ‘বার্লিন বর্তমানে অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে এই যুদ্ধে সামরিক অংশগ্রহণের দিকে ঠেলে দিচ্ছে। এটি একটি বিপজ্জনক খেলা।’ তিনি আরও বলেন, উত্তেজনা কমাতে উসকানিমূলক পদক্ষেপ না নিয়ে বরং দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ইরান ইউরোপীয় সরকারগুলোর প্রতি আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছে। বাঘায়ি বলেন, ‘এমন কোনো অপরিণামদর্শী পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যা আপনাদের সরাসরি এই রক্তক্ষয়ী যুদ্ধে টেনে নামাতে পারে। আগ্রাসন বন্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করাই হবে বুদ্ধিমানের কাজ।’

উল্লেখ্য, সম্প্রতি জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন (E3) এক যৌথ বিবৃতিতে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছিল। তারা জানিয়েছিল, ইরান যদি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে, তবে তারা সরাসরি ইরানি ভূখণ্ডে এসব মারণাস্ত্রের উৎসে আঘাত হেনে তা ধ্বংস করতে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণ করবে। 

ইউরোপীয় এই তিন শক্তিশালী দেশের হুমকির জবাবেই আজ তেহরান তাদের অবস্থান পরিষ্কার করলো।